যশোরে পুলিশ কর্তৃক ইসলামী ছাত্রশিবিরের ২ নেতাকে আটকের পর চোখ বেঁধে গুলী করে হত্যা চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, “গত সোমবার দুপুরে শিবির নেতা রুহুল আমীন ও আবুল কাশেম মটর সাইকেলযোগে শার্শার বারোপুতা গ্রাম থেকে ফেরার পথে পুলিশ মটর সাইকেলসহ তাদেরকে আটক করে। রাতে তাদের যশোর ডিবি পুলিশের অফিসে নিয়ে আসা হয়। সেখান থেকে গভীর রাতে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের গুলী করা হয়। গুলী দুটি তাদের ডান পায়ে বিদ্ধ হয়। এ সময় আহত অবস্থায় পুলিশ তাদের হাসপাতালে ভর্তি করে। অথচ তাদের নামে কোন মামলাও ছিলনা। এ ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশ তথাকথিত বন্ধুকযুদ্ধ নামক মিথ্যা নাটক সাজিয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “বেশ কিছুদিন থেকেই দেখা যাচ্ছে কোন নেতা-কর্মী গ্রেফতার হলেই পরে তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধার নাটক করা হচ্ছে। বাসা অথবা মেস থেকে আটক করে বন্দুক যুদ্ধের নামে শরীরে বিভিন্ন জায়গায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে অথবা পঙ্গু করা করা হচ্ছে। মূলত দেশকে মেধাহীন করতে মেধাবী ছাত্রদের পরিকল্পিতভাবে হত্যা অথবা পঙ্গু করে দেয়া হচ্ছে। দেশ গণতন্ত্র ও মানবতার জন্য ভয়ানক আতঙ্কের বিষয়। এর মাধ্যমে বাংলার জমিন থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টা চালানো হচ্ছে।”
নেতৃবৃন্দ অবিলম্বে নৃশংসতা বন্ধ করে অগণতান্ত্রিক ও মানবতা বিরোধী  সকল আচরণ পরিহার করতে আওয়ামী সরকার ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।  
এদিকে এক পৃথক বিবৃতিতে রাজশাহীতে ছাত্রলীগ নেতা সালেহ মোহাম্মদ টগর ও আব্দুল্লাহ মাসুদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে কিছু গণমাধ্যমের মিথ্যাচার ও ভিত্তিহীন তথ্য প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।
প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার সাথে ছাত্রশিবিরের কোন পর্যায়ের নেতাকর্মীর দূরতমো যোগসাজশ নেই। এ ব্যাপারে গতকালই রাজশাহী বিশ্ববিদ্যলয়ের  পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে পরিষ্কার করে দেয়া হয়েছে। তারপরেও কিছু গণমাধ্যম ছাত্রলীগের নেতাদের মতোই তথ্য প্রমাণ ছাড়াই ছাত্রশিবিরকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এই ঘটনা যেমন দুঃখজনক, তেমনিভাবে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের আড়াল করা অপচেষ্টাও দুঃখজনক। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই ছাত্রশিবিরের বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইতোপূর্বে ছাত্রলীগের নিজেদের অভ্যন্তরীন কোন্দলের কারণে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নিজ দলের নেতাকর্মীদের খুন, আহত করার ঘটনা ঘটেছে। যা গণমাধ্যমের কল্যাণে গোটা দেশবাসী প্রত্যক্ষ করেছে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
                                                      -