লক্ষ্মীপুরে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি ও ছাত্রশিবির পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক একেএম টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদের প্রশাসক শামসুল ইসলাম, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ।
এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মদিন পালন করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।
সকালে দলীয় কার্যালয়ে কেক কেটে দিনটি পালন করে নেতাকর্মীরা। পাশাপাশি দেশের শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদল সভাপতি মু. হারুনুর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহাবুব আলম মামুন, সহ-সভাপতি ফয়েজ আহম্মদ প্রমুখ।
অন্যদিকে লক্ষ্মীপুরে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে সকালে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা শিবির সেক্রেটারি ফয়েজ আহম্মদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি রেজাউল ইসলাম খাঁন সুমন।
এছাড়াও বক্তব্য রাখেন শিবির নেতা মাছুম, ফজলুল করিম, ইমাম হোসেন, আলী হোসেন প্রমুখ।
পরে বক্তারা শহীদ আব্দুল মালেকের রূহের আত্মার মাগফেরাত কামনা করে অবিলম্বে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





