বিএনপি এবং ঐক্যফ্রন্টের ইশতেহারে যদি বলে তারা যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করবে, এটা তো বছরের সেরা কৌতুক। ভুতের মুখে রাম রাম ধ্বণির মতো।

বিএনপির ইশতেহারের প্রতিশ্রুতির রঙ্গীন বেলুন যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে চুপসে যাবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষমতা এত সহজ ? সিংহাসন একবার হারালে ফিরে পাওয়া এত সহজ না।

তার কারণ হিসাবে তিনি বলেন, সিংহাসনটাকে যদি কেউ ময়ূর সিংহাসন ভাবে এবং ময়ূর সিংহাসন ভেবে ক্ষমতার অপব্যবহার করে, দুর্নীতি করে, লুটপাট করে, দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তাহলে তাদের আবার ক্ষমতা ফিরে পাওয়া এটা দুঃস্বপ্নেরই নামান্তর।

এসকল প্রতিশ্রুতি নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলীক স্বপ্ন তুলে ধরছেন তারা। যার কোন বাস্তবতা নেই।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, চৌদ্দগ্রামের কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনসহ অন্যান্য নেতা কর্মীরা।