রাজনীতিবিদদের জন্য ঈদ যতটা না পরিবার কেন্দ্রীক তার চেয়ে বেশি সামাজিক ও দলীয় কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত থাকতে হয়। আর সেজন্য রাজনীতিবিদরা এলাকার নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তৎপর থাকেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির বেশিরভাগ নেতাই তাদের নিজ এলাকায় গিয়ে ঈদ করবেন।
চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতি বছরের মতো এবারও রাজধানীতেই ঈদ করবেন। ঈদের দিন সকালে তিনি গুলশানের বাসায় আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এর পর ঈদ উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে এবং দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় উত্তরার বাসায় ঈদ করবেন। এরপর দলের চেয়ারপার্সনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। ঈদের পরের দিন তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই গত কয়েকটি ঈদ কেটেছে তার। এবারের ঈদও স্ত্রী সন্তানসহ সেখানেই পালন করবেন।
জানা গেছে, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, বেগম সারওয়ারি রহমান ও গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ করবেন।
এ ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান বিচারপতি টিএইচ খান, সেলিমা রহমান, এম মোরশেদ খান, শমসের মবিন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ অনেকেই ঢাকায় ঈদ করবেন।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারন সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ঢাকায় ঈদ করবেন। এছাড়া যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মোহাম্মদপুরে ঈদ করবেন। জাসাস সভাপতি এম এ মালেক ও জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাহ উদ্দীন ভূইয়া শিশির ঢাকায় ঈদ করবেন।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ওমরা করতে সৌদি আরব অবস্থান করায় সেখানেই ঈদ করবেন বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন আহমেদ। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানও দেশের বাইরে অবস্থান করায় তিনিও দেশের বাইরে ঈদ করবেন। দলটির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আগের ঈদগুলোতে ঢাকায় থাকলেও এবার অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় ঈদের সময় দেশের বাইরেই থাকতে হচ্ছে তার। তিনিও বিদেশে ঈদ করবেন।
ঢাকার বাইরে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম যশোরে নিজ বাড়িতে ঈদ করবেন। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মুহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রামে ঈদ করবেন বলে জানা গেছে।
চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ড্যাবের সদস্য সচিব ডা. এজেড এম জাহিদ হোসেন ঈদের নামাজ পড়বেন ময়মনসিংহ শহরের ঈদগাহ মাঠে। নামাজের পরে তিনি ঢাকায় চলে আসবেন।
এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ নিয়ে কারাগারে রয়েছেন। দুদকের মামলায় কারাগারে আটক রয়েছেন দলের স্থায়ী কমিটির অপর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ঈদের আগে জামিন না পেলে তাকেও কারাগারে ঈদ করতে হবে। অন্যদিকে একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে আটক রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। দশট্রাক অস্ত্র মামলায় কারাগারে আটক রয়েছেন সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বিডিয়ার বিদ্রোহের ঘটনার মামলায় কারাগারে রয়েছেন সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু তারা সবাই কারাগারেই ঈদ করবেন।
ঢাকা, এমএইচ, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম), এএইচ





