গণতন্ত্র ও শেখ হাসিনা একসাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্ল্যাহ বুুলু। তিনি বলেন, শেখ মুজিব গণমাধ্যম বন্ধসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিলেন। একইভাবে শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করে বাকশালের পুনরাবৃত্তি করছে।
আজ শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পার্লামেন্টে যে সব আইন করতে চাচ্ছে শেখ হাসিনা তা বাকশাল কায়েমের পূর্বাবস্থা বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যমে সম্প্রচার নীতিমালা করে গণমাধ্যমকে কোনঠাসা করছে এ সরকার। এ জন্যে আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো উপায় নাই। দলের মধ্যে বিবোধ সৃষ্টি করে আন্দোলন সফল করা যাবে না। তাই নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক মহিবুল আলম স্বপন, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়র মমিনুল হক, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





