জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশে প্রতিদিনই নারী নির্যাতন-শিশু হত্যার মতো জঘন্যতম ঘটনা ঘটছে। দেশে বর্তমানে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।
এভাবে একটি দেশ চলতে পারে না।
মঙ্গলবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের সাহেবগঞ্জের পল্লী ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এরশাদ আরো বলেন, এখন দেশে সুশাসনের অভাব। যতদিন সুশাসন ফিরে না আসবে, ততদিন আইন শৃঙ্খলার উন্নতি হবে না।
তিনি বলেন, দেশে পরিবর্তন ছাড়া সুশাসন আসবে না। পরিবর্তনের সেই সুযোগও দেখছেন না। যতদিন পর্যন্ত শক্তিশালী বিরোধীদল না থাকবে, ততদিন এমনটা চলবে। শক্তিশালী বিরোধীদল গড়তে জাতীয় পার্টি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক ইউপি নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে এরশাদ বলেন, নির্বাচন কমিশন আছে ঠিকই, কিন্তু সেটা কাজের না। এই নির্বাচন যথাযথও হচ্ছে না।
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন তার ছোট ভাই পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, নাসরিন জাহান রত্না আমিন এমপিসহ স্থানীয় জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
পটুয়াখালী ও বরগুনা জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে বরিশাল অঞ্চলে দুদিনের সফরে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এম আর





