বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জঙ্গী নেত্রী উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদার হাতে দেশ পরাজিত ও পরাভূত হতে পারে না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল-অবরোধের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলার মানুষ এখন সন্ত্রাসের বিরুদ্ধে ফুসে উঠেছে। জনতার ধাওয়া খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এই সন্ত্রাসের জন্য খালেদা জিয়াকেও মানবতাবিরোধী অপরাধে শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, অবিলম্বে এই বোমাবাজি ও হত্যাযজ্ঞ বন্ধ করুন। অন্যথায় বাংলার মানুষ যেমনি ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, বোমাবাজদের ঘেরাও করছে। ঠিক তেমনি ভাবে আপনাকেও (খালেদা) ঘেরাও করবে। তখন পালানোর পথও খুঁজে পাবেন না।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্ব এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাবেক কৃষকলীগ নেতা নেতা এম এ করিম, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

এমআর, জেএ