ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বরাবরই নিজের দ্বারা সংঘটিত অপকর্মের দায়ভার অন্যের ওপর চাপাতে পারদর্শী।
মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলীয় কোন্দলের কারণে আওয়ামী সন্ত্রাসীরা একরামুল হকের গাড়িতে আগুন দিয়ে হত্যা করার পর উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে চাইছে। তারা এখন গত উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনারসহ নেতা-কর্মীদের বাসায় বাসায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকার জনসমর্থন হারিয়ে এখন পুলিশ আর দলীয় ক্যাডারদের উপর ভর করছে। বর্তমান অবৈধ সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে আওয়ামী ক্যাডাররা এখন এতটাই বেপরোয়া ও লাগামহীন যে, নারায়ণগঞ্জসহ দেশের সর্বত্র নিজেরা নিজেরা খুন খারাপীতে লিপ্ত রয়েছে। অপরদিকে এ সকল খুনোখুনির দায় বিএনপি নেতা-কর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক বিএনপি নেতা-কর্মীদের বাসায় বাসায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সংঘটনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেন।
[b]ঢাকা, এমএইচ,২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]