প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বুড়িগঙ্গাকে দেখলেই চোখে পানি আসে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বন ও পরিবেশ মন্ত্রণালয় পরির্দশনের সময় তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, রাজধানীর বিভিন্ন বর্জ্য ১৩৫টি পয়েন্টে বুড়িগঙ্গা নদীতে নির্গত হচ্ছে। বুড়িগঙ্গাকে দেখলেই এখন চোখে পানি এসে যায়। পুরো নগরীর বর্জ্য যাচ্ছে এখানে।
তিনি বলেন, এসব বর্জ্য পয়ঃনিষ্কাশন লাইন বন্ধ করলেও রাজধানী দূষিত হয়ে পড়বে। এ জন্য নদীর তীরে একটি ওয়াল তৈরি করে বর্জ্যগুলো শোধনের পর নদীতে ফেলতে হবে।
এজন্য নদীর তীরে একটি কেন্দ্রীয় শোধনাগার (এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্লান্ট-ইটিপি) নির্মাণের ‍নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, এতে হয়তো অনেক টাকা লাগবে। কিন্তু যে ক্ষতি হচ্ছে সে তুলনায় ওই টাকা কিছুই না।
এক্ষেত্রে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়কে যৌথভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা জানান, এর বাইরে রাজধানীর হাতিঝিলেও একটি ইটিপি স্থাপন করা হবে। তা না হলে হাতিরঝিলের পানিও দূষিত হয়ে পড়বে।
[b]ঢাকা, ১৫ মে (টাউইমনিউজবিডি.কম)//এনএস
[/b]