বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ্যামিরাট এয়ারলাইন্সের ৫৮৫ নং বিমান যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
লন্ডনের হিথরো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ।
লন্ডন বিএনপির একটি সূত্রে জানা যায়, সেখানে অবস্থানকালে তিনি ছেলে তারেক রহমানের বাসায়ই থাকবেন এবং চোখের চিকিৎসা করবেন। একই সময়ে মালয়েশিয়া থেকে কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও লন্ডনে যেতে পারেন।
এর আগে মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসভবন থেকে রওনা হবেন বিএনপি প্রধান। লন্ডনে বেগম জিয়ার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও গৃহ পরিচারিকা ফাতেমা।
দলীয় সূত্রে জানা গেছে, ঈদের আগে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার সম্ভাবনা নেই। কারণ দীর্ঘদিন পরে পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা হচ্ছে। এজন্য আসন্ন পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গেই কাটাতে চান তিনি।তবে ঈদের পরে খুব শিগগিরই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া।
এমএইচ





