জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সরকার ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিনা বিচারে হত্যা করছে, গ্রেফতার করে থানায় নিয়ে গুলি করে এবং হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দিচ্ছে। স্বৈরাচারী অবৈধ সরকার দেশ থেকে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার নির্বাসনে পাঠিয়েছে।
রোববার গণমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জালেম সরকার অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আহসান উল্লাহকে গত ৭ মার্চ দিবাগত রাতে তার বাসা থেকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৭ মার্চ বিকালে খুলনা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানকে, আজ (রোববার) ৮ মার্চ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা শওকত আলী, কুমিল্লা মহানগরী শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের একটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জনাব তায়েফ উদ্দিন এবং চট্টগ্রামের হালি শহরের ইসলামী ছাত্রশিবির নেতা শফিকুল মাওলাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
এছাড়াও আজ ঢাকা মহানগরী এবং সারাদেশে গণগ্রেফতার অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
বিজ্ঞপ্তিতে গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে অবিলম্বে অধ্যাপক আহসান উল্লাহসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, দেশে চলমান রাজনৈতিক সঙ্কটকে আড়াল করতেই সরকার জঙ্গীবাদের জিগির তুলেছে।
বিনাভোটের অবৈধ সরকার ক্ষমতা আকড়ে রাখতেই রাজনৈতিক সমাধানের পথে না যেয়ে শক্তি প্রযোগের পথ বেছে নিয়েছে। জনগণের দাবী মেনে নেয়ার পরিবর্তে ২০দলীয় জোটকে আইএস, জঙ্গীবাদী বলে যে প্রোপাগান্ডা চালাচ্ছে তা সবাই নাকচ করে দিয়েছে।
এজন্য সরকারের এই অপপ্রচার সত্বেও ১৬টি দেশের রাষ্ট্রদূতেরা সরকারের মনোভাব উপেক্ষা করেই ২০দলীয় জোট নেত্রীর সাথে বৈঠক করেছেন। গণতন্ত্রে ফিরিয়ে আনতে এই আন্দোলনকে পরিণতির দিকে নিয়ে যেতেই আন্তর্জাতিক সম্প্রদায় দেশবাসীর সাথে একাত্ম হয়েছেন বলেও জানান তিনি।
কেএইচ





