২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ইতিমধ্যেই বিএনপির ২৭ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে হরতাল স্বতঃস্ফুর্তভাবে পালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সোমবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান হরতাল নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে জনগণ রাস্তায় নেমে এসেছে। জনগণ অবৈধ সংসদের হাতে সংবিধান সংশোধন চায় না।

তিনি বলেন, রাষ্ট্রপতি একজন আইনজীবী ছিলেন। আশা করি তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। বিচারপতিদের অভিশংসনের কালাকানুন অনুমোদনের জন্য তার কাছে গেলে তিনি তা অনুমোদন না করে সংসদে ফিরিয়ে দিবেন। আর যদি অনুমোদন করেন, তাহলে এটি ’৭২-এর ২৫ জানুয়ারির কালাকানুনের মতো ১৭ সেপ্টেম্বরও ইতিহাসে কালোদিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ