বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এ্যাড. ড. হেলাল উদ্দীন বলেছেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

তারা অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই গণগ্রেফতার চালিয়ে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিন্তু ষড়যন্ত্র করে আওয়ামী-বাকশালীদের শেষ রক্ষা হবে না। তিনি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কারারুদ্ধ শীর্ষনেতৃবৃন্দসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় চড়া মূল্য দিতে হবে বলে সরকারকে সতর্ক করে দেন।

তিনি আজ রাজধানীতে সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে রাজধানীর রামপুরায় আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি রামপুরা কাচাবাজার থেকে শুরু হয়ে রামপুরা টিভি সেন্টারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য মোঃ শামসুর রহমান, রামপুরা থানা আমীর এ কে এম মুস্তাফিজুর রহমান, মোঃ মুতাসিম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পূর্বের সভাপতি মনিরুজ্জামান শামিম, সেক্রেটারী শরীফ হোসাইন, জামায়াতে ইসলামী মুগদা থানা সেক্রেটারী বনি ইয়ামীন প্রমুখ।

ড. হেলালউদ্দিন বলেন, সারাদেশে জামায়াতের প্রতি সাধারণ মানুষের সমর্থন বৃদ্ধির ফলে আতঙ্কিত গণবিচ্ছিন্ন সরকার পরিকল্পিতভাবে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে চলেছে। জুলুম নির্যাতন চালিয়ে জামায়াতে ইসলামীর এই আদর্শিক আন্দোলনকে কখনোই দমন করা যাবে না।

এমকে