আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে অব্যাহত আছে। ডিপ্লোমেসিতে অনেক কিছু ধীর গতিতে হয়। তবে আমরা সময়মত তাদের হাতের নাগালে পাব।’
সৈয়দ আশরাফ বলেন, ‘বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমেরিকা ও কানাডা দ্বৈতনীতি অবলম্বন করায় খুনিদের এতদিন দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’





