রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সবগুলো ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করায় নির্বাচনে আবারো সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসার বলেছেন, করপোরেশনের অন্তর্ভুক্ত সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সিটি নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এ রকম আশঙ্কা প্রকাশ করেন, তাহলে ভোটারদের মধ্যে নিশ্চয়ই উৎকণ্ঠা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নাসিক নির্বাচনকে ঘিরে বিএনপির সব স্তরের নেতাকর্মী, সমর্থকদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হওয়া নিয়ে মানুষের সংশয় এখনো কাটেনি। নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসার বলেছেন- করপোরেশনের অন্তর্ভূক্ত সবগুলি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

নাসিক নির্বাচনে কমিশনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যদি এই আশঙ্কা প্রকাশ করেন, তাহলে ভোটারদের মধ্যে নিশ্চয়ই উৎকন্ঠা বৃদ্ধি পাবে। ভোটারদের ভীতিহীনভাবে ভোট প্রদান ও তাদের জানমালের নিরাপত্তার জন্য নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন যে কত জরুরি সেটা রিটার্নিং অফিসারের কথাতেই পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

আজ সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ডা. সাখাওয়াত হোসেন জীবন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, নারায়ণগঞ্জ এমন একটি শহর, যেখানে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা বেসরকারি দারোগার ভূমিকা পালন করে। সেখানে কথায় কথায় অস্ত্র প্রদর্শন, প্রকাশ্যে গুলিবর্ষণ ও খুনখারাবি নিত্যনৈমিত্তিক ব্যাপার।

সেখানে শাসক দলের ঔদ্ধত, বেপরোয়া ক্যাডারদের ভয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিস্তেজ হয়ে পড়ে অথবা তাদের অভ্যন্তরে শাসকদলের সমর্থিত কর্মকর্তাদের নির্বাচনী কাজে লাগানো হয়। আর নির্বাচনী সন্ত্রাস মোকাবিলায় নির্বাচন কমিশন পিঠে ধাক্কা খাওয়ার ভয়ে এক পা এগুতে চান না।

বিচারবর্হিভূত হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিচারবর্হিভূত হত্যা, গুম, খুনের মাত্রা দেখলে মনে হয়, বাংলাদেশের মানুষেরা যেন সব অন্ধকারের জীব। এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনে এমন ন্যাক্কারজনকভাবে ব্যবহার করেছে যে, এই প্রতিষ্ঠানগুলো এখন ভাড়াটিয়া বাহিনীতে পরিণত হয়েছে।

নির্বাচন কমিশনের উদ্দেশে রিজভী বলেন, শাসকদলের প্রার্থীকে গায়ের জোরে জেতানোর লক্ষ্যে নাসিক নির্বাচন যেন পূর্বের নির্বাচনগুলোর মতো আর একটি রক্তাক্ত অ্যাডভেঞ্চারে পরিণত না হয়। অতীতের অপকীর্তি মোচন করার জন্য নাসিক নির্বাচনে জনগণের ভোটাধিকার যেন ব্ল্যাকআউট না হয়, সেদিকে কমিশনের উদ্যোগ যথাযথ হতে হবে। 
ভোটারবিহীন সরকারের আনুকূল্য পাওয়া নারায়ণগঞ্জে অপরাধের রেকর্ড বিশিষ্ট দুর্বৃত্ত জগতের ঠগীরা নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলাকে নিজেদের পকেটের মধ্যে পুরে ফেলতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা যাতে পূর্বের মতো ভোট ডাকাতি করতে না পারে সেজন্য নির্বাচন কমিশনের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা জনগণ দেখতে চায়। বর্তমান নির্বাচন কমিশন তাদের বিদায়ের প্রাক্কালে কমপক্ষে একটি ভাল উদাহরণ সৃষ্টি করুক। কারণ ইতোমধ্যে তাদের কৃতকর্ম ইতিহাসে অন্ধকারসময় হিসেবে বিবেচিত হবে বলে সকলে মনে করে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবির আন্দোলনে পুলিশের বেপরোয়া হামলা ও গুলিবর্ষণের নিন্দা জানিয়ে অবিলম্বে এর বিচার দাবির পাশাপাশি ওই ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান রিজভী।

এমবি