বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষা বুঝতে পারেন নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ  নাসিম।

শনিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক জরুরি বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- যথাসময়ে নির্বাচন হবে। আমি বলছি ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না।

উল্লেখ্য, আরব-আমিরাত সফর শেষে গত ৩০ অক্টোবর গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- যথা সময়ে নির্বাচন হবে। এরই প্রেক্ষিতে ৩১ অক্টোবর দলীয় একটি বৈঠক শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময়মত নির্বাচন হবে বলে সরকার জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে শুরু করেছে। এরই প্রতিউত্তরে মোহাম্মদ নাসিম বলেছেন- ফখরুল প্রধানমন্ত্রীর ভাষা বুঝতে পারে নি।

একই সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথিবীর সবার  চেয়ে সেরা মিথ্যাবাদী। মিথ্যা কথা ছাড়া তিনি অন্য কিছু শেখেন নি।

সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন,গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন কমিশন যথা সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা করবেন। ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না।

এমআর