নারায়ণগঞ্জে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করতে কুন্ঠাবোধ করেন না। ২১শে আগষ্ট গ্রেনেট হামলা ও ২০০১ সালে আওয়ামী লীগ নেতাদের হত্যার সঙ্গে খালেদা জড়িত।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা জিয়া সংকটে পড়েছে। এটা কাটিয়ে ওঠার মতো কোনো সামর্থ তার নেই। তিনি দিশেহারা হয়ে এখন আবোল-তাবোল বকছে।

তিনি আরও বলেন, বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে তিনি কেন, কী কারণে অংশ নিয়েছিলেন, তা আজও অস্পষ্ট। তাছাড়া জিয়া কোনো রনাঙ্গনে যুদ্ধ করেছিলেন, এটা ইতিহাসে কেই পায়নি।

হানিফ বলেন, আল-বদর, আল-শামস ও রাজাকারদের রাজনীতিতে পূর্নবাসন করে তিনি প্রমাণ করেছেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না।

'আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়' - খালেদা জিয়ার এমন বক্তব্যেরও তীব্র নিন্দা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমআর/কেএইচ