হুসেইন মুহম্মদ এরশাদকে আগে নিজের দলে (জাতীয় পার্টি) গণতন্ত্র চর্চার আহ্বান জানালেন সহধর্মিনী রওশন এরশাদ।

তিনি বলেছেন, পার্টির গঠনতন্ত্রের ঊনচল্লিশ ধারা গণতন্ত্রের পরিপন্থী। এ ধারা পরিবর্তন করতে হবে। পার্টিতেই যদি গণতন্ত্র না থাকে তাহলে বাইরে গণতন্ত্রের কথা বলে লাভ কি?

রোববার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান এরশাদকে উদ্দেশ্য করে এভাবেই গণতন্ত্রের শিক্ষা দেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

তিনি বলেন, জাতীয় পার্টি কারো একার সম্পত্তি নয়, কোনো কোম্পানি নয়। সবার সঙ্গে আলোচনা করে দল চালাতে হবে।

এরশাদের একক সিদ্ধান্তে ঘোষিত কাউন্সিলের তারিখ পরিবর্তন করার দাবিও জানান রওশন। তিনি বলেন, কাউন্সিলের জন্য সবার সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করতে হবে।

বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় পার্টিতে অতীতে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা সময়ে ভুল সিদ্ধান্তের কারণে পার্টির আজ এই ভঙ্গুর অবস্থা।

অতীতের সকল ভুল শুধরে পার্টিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

এসএম