হীনমন্যতার কারণেই মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দমনে আওয়ামী লীগের ভেতরে চলা ‘শুদ্ধি’ অভিযানকে বিএনপি স্বাগত জানাতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। সেজন্য বিএনপির উচিৎ সরকারকে অভিনন্দন জানানো।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আমলেই টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। এসবের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন। কিন্তু তখন তারা নিজেদের দলের কোনো নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। কিন্তু আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে।’

এ সময় তিনি গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এরপর ওবায়দুল কাদের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন। তারআগে বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছালে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, বিকেল ৩টায় সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকের স্মরণে শোকসভায় বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।