রাষ্ট্রক্ষমতায় গেলে আলোচিত এক-এগারোর নেপথ্য নায়কদের বিএনপি বিচার করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘১/১১-র কুশীলব ও তাদের বর্তমান প্রেক্ষিত’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ‘জাতীয়তাবাদী প্রচার দল’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, ‘এক-এগারোর কুশীলবদের সঙ্গে মিলে যারা ষড়যন্ত্র করেছিলো তারাই এখন সরকারের সিনিয়র-জুনিয়র মন্ত্রী-এমপির পদে আছেন। সেজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এক-এগারোর কুশীলবদের বিচার করবে না। তবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এক-এগারোর নেপথ্যের নায়কদের বিচার করা হবে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এক-এগারোর সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিচার করুন। একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যারা কুশীলবদের সঙ্গে মিলে ওই সময়ে মন্ত্রী হওয়ার ষড়যন্ত্র করেছিলেন তাদের বিচার করুন। ওই সময় তারা এমনকি আমাদের (রাজনীতিবিদ) কিভাবে ঠেঙ্গানো যায়, তা করতেও দ্বিধা করেনি।’
হান্নান শাহ বলেন, ‘এক-এগারোর সময়ে বিএনপির নেতারা বেগম খালেদা জিয়াকে সঠিক পরামর্শ দেননি। এমনকি বিএনপির নেতারা তখন খালেদা জিয়ার পাশে থাকতেও অপারগতা প্রকাশ করেছিলেন।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে নেতৃত্ব মেনে গণমাধ্যমে বিবৃতি পাঠানোর জন্য দলের সব স্থায়ী কমিটির সদস্য, এমপি-মন্ত্রীদের বাসায় বাসায় গিয়েছি।
কিন্তু সাতজনকে ছাড়া আর কাউকে পাইনি। আমি নিজে একশজনের নাম লিখে পত্রিকায় বিবৃতি পাঠিয়েছিলাম। তারাই এখন ওই সময়ের ভূমিকার জন্য গর্ববোধ করে। কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে তারা তখন ভয় পেয়েছিলেন।’
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এআই





