জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে সারাদেশে হরতাল পালন করছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। মিছিল আর গ্রেফতারের মধ্য দিয়েই প্রথম দিনের হরতাল পালিত হচ্ছে।

ঢাকা মহানগরী পশ্চিম: রাজধানীর ৭টি স্পটে মিছিল অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। এতে পুলিশের হামলায় ৪ জনকে আহত ও ২ জনকে গ্রেফতার করে।

ঢাকা মহানগরী উত্তর: সকাল ১১ টায় রাজধানীর উত্তরার দক্ষিনখান এলাকা থেকে মিছিল বের করেন উত্তরা জসিমউদ্দিন এলাকায় গিয়ে রাস্তা অবরোধ করে। এসময় পুলিশ হামলা চালিয়ে ১০ জনকে আহত ও ৫ জনকে গ্রেফতার করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে ১০টায় একটি মিছিল বাবু বাজার থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সড়ক অবরোধ করে ছাত্রশিবির।

ঢাকা কলেজ: রাজধানীর কলাবাগান এলাকায় ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা মিছিল অবরোধ করে। এ ছাড়াও আরো ৩টি স্পটে পিকেটিং করেন তারা।

কুমিল্লা মহানগরী: নগরীর, চকবাজার, কান্দিরপার, টমচমব্রিজ, শাসনগাছা, পুদুয়ার বাজার বিশ্বরোড, কোটবাড়িতে মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী।

নারায়ানগঞ্জ মহানগরী: ঢাকা-নারায়ানগঞ্জ রোড ও ঢাকা মুন্সীগঞ্জ রোডের বিসিক এলাকায় অবরোধ করে করা হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগরী: রাজপথ অবরোধ করে ছাত্রশিবির বরিশাল মহানগরী শাখা। সকাল থেকেই লাকুটিয়া মহাসড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা।

জয়পুরহাট জেলা: পাঁচটি স্থানে ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা রাজপথ অবরোধ করে।

সিলেট: নগরীর ছয়টি থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ৫৮ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

রংপুর: হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে রংপুর বিভাগের ৮ জেলায় অভিযান চালিয়ে ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৯৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে নিশ্চিত করেছেন রংপুর গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সরিফুল ইসলাম।

ফরিদপুর: হরতালে নাশকতার আশঙ্কায় ফরিদপুরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের সাবেক আমিরসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর: ফাসিঁর রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে মিছিল করে গাজীপুর জেলা জামায়াত এবং গাজীপুর মহানগর শিবির। নাশকতার অভিযোগে এ সময় ছয়জনকে আটক করেছে পুলিশ।

নরসিংদী: নিজামীর রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে মিছিল করে নরসিংদি জেলা জামায়াত। মিছিল শেষে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালায় তারা।

দিনাজপুর: হরতালের প্রথম দিন বৃহস্পতিবার দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সকাল ৯টায় দিনাজপুর শহরের নিমতলা থেকে মিছিলটি শুরু হয়ে মুন্সিপাড়া হয়ে বুটিবাবুর মোড়ে শেষ হয়। হরতালে চোরাগুপ্তা হামলার ভয়ে অধিকাংশ দোকান-পাট,মিল-কারখানা, বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি সংখ্যা কম।

চাঁদপুর: জেলার শাহরাস্তি উপজেলার মহাসড়ক অবোরধ করে রাখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

এছাড়া চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে এক জন, লক্ষ্মীপুরে ১০ জামায়াত কর্মী, পাবনায় জামায়াতের মিছিল ও অভিযান চালিয়ে ৫৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তেই জামায়াত-শিবিরে কর্মীরা মিছিল সমাবেশ করেছে। হরতালের কারণে রাস্তায় কম সংখ্যক গাড়ি চলাচল করেছে। দোকান-পাট বন্ধ থাকার পাশাপাশি অফিস আদালতে, স্কুল কলেজে উপস্থিতির সংখ্যাও ছিল অনেক কম।

জেডআই