আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল থেকেই প্রার্থী হচ্ছেন না তিনি। এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন।
অভিনেতা শাকিব খান জানান, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এর আগে, রোববার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কিনবেন এবং এদিনই জমা দেবেন বলে জানিয়েছিলেন এ ঢালিউড সুপারস্টার। গাজীপুরের একটি আসন থেকে নির্বাচন করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে আপাতত তিনি নির্বাচনের দিকে ঝুঁকছেন না। সিনেমা ও সিনেমা জগতের মানুষ নিয়েই থাকতে চান।
সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে শাকিব খান বলেন, আমি নির্বাচনে অংশ নেবো-এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেখলাম আমার অনেক ভক্ত কষ্ট পেয়েছেন। তারা চাইছেন আমি যেন সিনেমার সঙ্গেই থাকি। আমার কাছে দর্শক-ভক্তরা আগে। তাদের ভালোবাসায় আমি শাকিব খান। সুতরাং তাদেরকে অগ্রাহ্য করে কিছু করা আমার জন্য মঙ্গলজনক হবে না বলেই মনে হয়েছে। তাই ভক্তদের কথা বিবেচনা করেই নির্বাচনে প্রার্থী হচ্ছি না।





