আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির ৪২ পদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে আরও ৩৯ পদ।

বাকি পদসহ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “২৬ ডিসেম্বর আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর নতুন বছরের ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়া হবে এবং একইসঙ্গে নতুন কমিটি কার্যক্রম শুরু করবে।”

কমিটিতে কারা থাকছে? এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “নতুন পুরাতনদের সমন্বয়ে কমিটি করা হবে।”

‌উল্লেখ্য, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে টানা ৯ম বারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা এবং ২য় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

৮১ সদস্যবিশিষ্ট কমিটির ৪২টি পদ ওই দিনই ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমবি