ছাত্রলীগের দাওয়াতপত্র গ্রহণ করলেও তাদের সমাবেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। ছাত্রদলের শীর্ষ নেতারা বিষয়টি নিশ্চিত করেছে।
ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া বলেন, ‘রাজনীতির পাদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও টিএসসিতে আমাদের সংগঠনের নেতাকর্মী দেখলেই পেটানো হয়। তারা সেখানে আমাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয় না। আর যিনি কালকের সমাবেশ ভাষণ দেবেন তিনি একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এ জন্য আমরা ওই সমাবেশে যেতে পারি না।’
জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে’ আগামীকাল রোববার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ।
এ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মহিদুল হাসান ও সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজসহ সংগঠনের নেতা-কর্মীদের আমন্ত্রণ জানায় ছাত্রলীগ।
আজ শনিবার বিকাল চারটার দিকে ছাত্রলীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। তাঁদের মধ্যে ছিলেন ছাত্রলীগের সহসভাপতি ইমাউল হক সরকার, জয়দেব নন্দী ও মহিউদ্দিন মাহী এবং যুগ্ম সম্পাদক আবদুর রহমান ও পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
প্রতিনিধিদের সূত্রে জানা গেছে, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আকরামুল হাসান ও দপ্তর সম্পাদক নাজমুল হাসান আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





