সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবীতে আন্দোলনরত শিক্ষকগণের ওপর গত ৩০ আগস্ট ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা এবং ড. মুহাম্মাদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপিকা ড. ইয়াসমীন হকসহ বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রদত্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।

তিনি বলেন, “ছাত্রলীগের এ সন্ত্রাসী তান্ডব ক্ষমার অযোগ্য। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এক ভয়ঙ্কর দানব সংগঠনে পরিণত হয়েছে। সরকারের আশ্রয়-প্রশ্রয় এবং আশকারা পেয়েই ছাত্রলীগ এখন ভয়ঙ্কর সন্ত্রাসীরূপে আবির্ভূত হয়েছে। তারা সারাদেশে চাঁদাবাজী, টেন্ডারবাজী, লুটপাট ও খুনাখুনিতে লিপ্ত রয়েছে।

সরকার তাদেরকে বিরোধী দলের ওপর দমন নিপীড়ন চালানোর কাজে ব্যবহার করার কারণেই ছাত্রলীগ এখন ভয়ঙ্কর দানবীয় রূপ ধারণ করেছে।

প্রধানমন্ত্রী তার সোনার ছেলেদের সকল অপকর্ম দেখেও না দেখার ভান করছেন। ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ঘটনা ঘটিয়েছে তা জাতির জন্য লজ্জাজনক।

ছাত্রলীগ এখন ছাত্র সমাজের কলঙ্ক। তারা গোটা ছাত্র সমাজের মুখে কলঙ্ক লেপন করেছে। কোন সভ্য দেশে ছাত্রকর্তৃক শিক্ষকদের মারধর করার মত জঘন্য ঘটনা কখনো কল্পনাও করা যায় না।

শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয়েই নয়, জঙ্গি ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রায় প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে অহরহ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডেএকের পর এক বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগের সকল অপকর্মের দায়দায়িত্ব সরকারের উপরই বর্তায়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের ওপর ছাত্রলীগের হামলা এবং শিক্ষকগণকে লাঞ্ছিত করার ন্যক্কারজনক ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

পাশাপাশি আন্দোলনরত শিক্ষকগণকর্তৃক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে গতকাল অনাকাক্সিক্ষত আচরণ করা হয়েছে বলে বিভিন্ন প্রচার মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্য হয়ে থাকে তাহলে তা মেনে নেয়া যায় না।

আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং সকল ছাত্র-ছাত্রীদের প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অবিলম্বে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য এবং চালু রাখার আহবান জানাচ্ছি।

ভবিষ্যতে যাতে এ ধরনের কলঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিক এবং সচেতন হওয়ার জন্য আমরা উদাত্ত আহবান জানাচ্ছি।

এসএইচ