বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত পৌনে ১২টায়।
বৈঠক সুত্রে জানা গেছে, দেড় ঘন্টাব্যাপী এই বৈঠকে দেশের সবশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাচনের ফল বিশ্লেষণ, তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচিসহ ১৯ দলীয় জোটের ঐক্য অটুট রেখে সরকার বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অংশ নেয়া ১৯ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান  মে.  জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক টাইম নিউজকে জানান, জোটের শীর্ষ নেতাদের আজকের  বৈঠকে  বেলা’র নির্বাহী পরিচালক রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণের ঘটনায় গভীর উদ্ধেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে তাকে দ্রুত উদ্ধারের জন্য জোর দাবী জানানো হয়েছে। অন্যথায় এর দায় সরকারকেই বহন করতে হবে।
তিনি আরও জানান, তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি বিএনপির একক কর্মসুচি। তবে জোটের নেতারা সেখানে আমন্ত্রিত। কেউ চাইলে অংশগ্রহণ করতে পারবেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মাওলানা মজিবুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির কর্ণেল (অব.) অলি আহমদ, কল্যাণ পার্টির মে.  জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এছাড়া জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নীলু, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টি মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামী পার্টির আবদুল মবিন, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগে গরীবে নেওয়াজ, জমিয়তে ওলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনিও বৈঠকে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]