ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। বুধবার (০৬ মে) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, হাবিবুর রহমান মোল্লা ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো যা কখনোই পূরণ হবার নয়। রাষ্ট্রপতি হাবিবুর রহমান মোল্লার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এমবি





