চিৎকার-চেঁচামেচি করবেন না, ধৈর্য ধরুন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়ে যাবেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৯ সেপ্টেম্বর) সমাবেশ করতে চাইলেও পুলিশের অনুমতি না পাওয়ার মধ্যে আজ সকালে এক আলোচনা অনুষ্ঠানে কাদের বলেন, “চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন।”  

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আজ (শনিবার) শাহবাগে জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী কাদের।  

পুলিশের অনুমতি না পাওয়ার কথা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার বলেছিলেন, রোববারের অনুমতি দেওয়া হলেও তাদের আপত্তি নেই। 

কাদের বলেন, “গতকাল টক শোতে দেখলাম তারা বলছে, পুলিশের কেন অনুমতি নিতে হবে। শোনেন, পুলিশের অনুমতি একটা নিয়ম, সরকারি দলকেও অনুমতি নিতে হয়। 

“পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি, চিৎকার-চেঁচামেচি করবেন না, ধৈর্য ধরুন, অনুমতি পেয়ে যাবেন। অহেতুক এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। পুলিশ প্রস্তুতি নিচ্ছে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, প্রয়োজন হলে মুক্তমঞ্চ করে দেব, দরকার হলে মাইক ফিট করে দেব।”  সেই সঙ্গে বিএনপিকে ‘নাটক’না করতে সতর্ক করে দেন তিনি।

“১০ বছরে ১০ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি, তারপরও সমাবেশের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, ‘সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে’। অনুমতি পেয়ে যাবেন, তবে এ নিয়ে যেন কোনো নাটক না হয়।”

এমবি