ইয়াবা ব্যবসায়ীরা মুক্তি পায়, কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। অবৈধ অসামাজিক সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (১৮ জুলাই) টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি শাখা কর্তৃক আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মোশাররফ বলেন, এ সরকার মহামারী ডেঙ্গু রোগকেও গুজব বলে চালিয়ে দিতে চায়। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। হাইকোর্ট ও নিম্ন আদালত খালেদা জিয়াকে কারাগারে রাখেনি; রেখেছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই।
তিনি বলেন, দেশের মানুষ যখন পানিতে ভাসে, তখন তাদের পাশে থাকার কথা প্রধানমন্ত্রীর। কিন্তু যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হননি, তাই জনগণের কথা চিন্তা না করে তিনি লন্ডন গেছেন ঘুরতে।
ড. খন্দকার মোশাররফ বলেন, ভোটারবিহীন নির্বাচনে অবৈধ সরকার গঠন করে দেশ পরিচালনা করছে সরকার। খালেদা জিয়া ও আবদুস সালাম পিন্টুর ত্রাণ বিতরণের কথা ছিল; আজ তারা কারাগারে, তাই তাদের পক্ষে আমরা এসেছি ত্রাণ দিতে।
উপজেলার কোনাবাড়ি মাদ্রাসায় মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ প্রমুখ।
এসএম





