আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আমরা জানি আগামী ১০ জানুয়ারির অনেক আগেই সভা-সমাবেশের নিষেধাজ্ঞা তুলে নিবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার বিকেলে আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মহা সমাবেশ স্থান (রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান) পরির্দশন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, গত ১ মাস আগে আমরা ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি ঘোষনা দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের কর্মসূচি নস্যাৎ করতে বিএনপিও ওইদিন কর্মসূচি দিয়েছে, তাই সংঘাত এড়াতে ডিএমপি সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল।

আমরা সমাবেশ করতে ডিএমপির কাছে অনুমতি চেয়েছি। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর বাইরে গিয়ে আমরা কিছু করবো না।তবে আমরা জানি আগামী তারিখের অনেক আগেই ডিএমপি নিষেধাজ্ঞা তুলে নিবে।

তিনি বলেন, ইজতেমা বিশ্ব মুসলিমদের দ্বিতীয় জমায়েত। এই জমায়েতে ধর্মপ্রান মুসলমানদের যাতে কোন ধরনের সমস্যা না হয়। এজন্য আমরা গতকাল খালেদা জিয়ারকে তার ডাকা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। আমরা আশা করছি আগামীকালই তিনি তার এ কর্মসূচি প্রত্যাহার করে নিবেন। আর যদি খালেদা জিয়া কর্মসূচি প্রত্যাহার না করে তাহলে, এই জমায়েত সুষ্ঠুভাবে শেষ করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিবে।

তিনি আরও বলেন, দশম জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে খালেদা জিয়া যে ভুল করেছেন তার মাশুল তাকেই দিতে হবে। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হবে। সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচন করা হবে।বিএনপি ইচ্ছা করলে সেই নির্বাচনে অশং নিতে পারে। এর আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বাংলাদেশর বড় দুটি রাজনৈতিক দলের (বিএনপি-আওয়ামী লীগ) পাল্টাপাল্টি কর্মসূচি ডাকার কারণে অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করে ডিএমপি। তা এখনও অব্যাহত রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

এমআর/ইআর