ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে কালো পতাকা মিছিল করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করছে।

শনিবার বেলা ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হবে।

ইতোমধ্যে মিছিলে অংশ নিতে কালো পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন।

ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে ২০ দলীয় জোট কালো পতাকা মিছিলের জন্য ইতোমধ্যেই মহানগর পুলিশের অনুমতি পেয়েছে এ জোট। শুক্রবার সন্ধ্যায় ডিএমপির উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান এই অনুমতির কথা জোটের নেতাদের জানিয়ে দেন।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশে জোটের এই কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দিতে বা কোনো হাঙ্গামা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

তিনি বলেন, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। আমরা এই মিছিলে কোনো লাঠিসোটা নিয়ে আসব না। কাজেই সরকারের ভয় পাওয়ার কিছু নেই। তাছাড়া এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।’

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

এদিকে, কালো পতাকা মিছিলকে ঘিরে শনিবার সকাল থেকেই নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকের পুলিশ অবস্থান নিয়েছে।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর