বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, “রাসূল (সা:)-এর জীবনাদর্শ সকল ক্ষেত্রে অনুকরণ, অনুসরণ ও বাস্তব জীবনে প্রতিফলনের মধ্যেই রয়েছে মানব জাতির সর্বাঙ্গীন সাফল্য ও কল্যাণ। দুনিয়ার সব মানুষ আজ হন্যে হয়ে শান্তির প্রত্যাশায় ঘুরছে কিন্তু শান্তি তারা পাচ্ছে না। রাসূল (সা:) এর আদর্শ অনুসরণ না করার কারণেই গোটা বিশ্বেই আজ অশান্তি চলছে। আল্লাহ রাব্বুল আলামীন তার প্রিয় রাসূলের মাধ্যমে মানুষকে শান্তির বাণী শুনিয়েছেন। রাসূল (সা:) পথ ভোলা মানুষকে দিয়েছেন পথের সন্ধান। তাই এই অশান্ত পৃথিবীতে শান্তির সুবাতাস বইয়ে দিতে সকলকে রাসূলের শিক্ষা গ্রহণ করে তার আদর্শে উজ্জীবিত হয়ে জীবন গড়তে হবে। তাহলেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিলাভ সম্ভব। সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ নির্দেশিত ও রাসূলের (সা:) দেখানো পথে আমাদেরকে সামগ্রিক প্রচেষ্টা চালাতে হবে। প্রকৃত শান্তি ও মানবতার মুক্তির জন্য রাসূল (সা:) এর আদর্শ অনুসরণের বিকল্প নাই।”
গতকাল (০৫ ডিসেম্বর) শনিবার পবিত্র সীরাতুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামী কলাবাগান থানা আয়োজিত শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সর্বসাধারণের জন্য বই পাঠ, ক্যুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও কলাবাগান থানা আমীর আবু জয়নবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ও মহানগরী মজলিশে শূরা সদস্য জাহিনূর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য দেলাওয়ার হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও কলাবাগান থানার সাবেক আমীর অধ্যাপক নূরুন্নবী মানিক, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কলাবাগান থানার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আবু তানজীম, মহানগরী মজলিসে শূরা সদস্য ও নিউমার্কেট থানা আমীর মহিব্বুল হক ফরিদ, মহানগরী মজলিসে শূরা সদস্য ও নিউমার্কেট থানা সেক্রেটারী গোলাম সরওয়ার। আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইলিয়াস হাসান সায়েম, মাহবুবুর রশিদ, আব্দুল কাদের ইমন, যোবায়ের হোসেন, মাহবুবুল আলম, সাদিক দীদার প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান বক্তা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: দেলাওয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, “রাসূল (সা:)-এর দাওয়াতে মানুষের ভিতরে আমূল পরিবর্তন সাধিত হলো, নৈতিক মূল্যবোধের রূপান্তর ঘটলো, সমাজ পদ্ধতি পাল্টে গেল, বিশ্বের সার্বিক স্থিতিশীলতা আসলো। সাম্প্রতিক সারা বিশ্বের উপর করোনা ভাইরাস এর মাধ্যমে পরীক্ষা ও গজব আপতিত হয়েছিল এবং এর ফলে সারা বিশ্ব প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, মানুষ অসহায় ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। এ ধরনের এবং সার্বিক বিপদ মুসিবত উত্তরণের জন্য এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইড লাইন দিয়ে গেছেন তার সঠিক অনুসরণের মাধ্যমে আজকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “আল্লাহ্ তা'আলা তাঁর রাসূল হযরত মুহাম্মাদ (সা.) কে মূলত যে কাজটি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা হলো আল্লাহ প্রদত্ত বিধানকে অন্য সব বিধানের উপর বিজয়ী করতে। রাসূল (সা.) আল্লাহর দ্বীনকে কায়েম করেই এ দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি আল্লাহর বিধানকে চালু করে প্রমাণ করেছেন যে, ইসলামই দুনিয়ার জীবনে শান্তির একমাত্র উপায়। তাই দ্বীন ইসলাম কায়েমের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সাহাবায়ে কিরামও রাসূল (সা.)-এর সাথে এ দায়িত্বই পালন করেছেন। মুসলিম হিসেবে আমাদের সবারই এ দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য। এ দায়িত্ব অবহেলা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা কিছুতেই সম্ভব নয়।”প্রেস বিজ্ঞপ্তি
এমবি





