আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে খুন-গুমের ব্যাপারে আইন-শৃংখলা বাহিনী ও আওয়ামী লীগকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করেছেন তা ডাহা মিথ্যা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সংবর্ধনা ও চলমান রাজনীতি শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ঠিকানা বাংলাদেশ।
তিনি আরো বলেন, বিএনপি বলেছে দল গুছিয়ে আন্দোলন করবে। আমরা তাদেরকে দল গোছানোর জন্য পাঁচ বছর সময় দিচ্ছি। এ সময়ের আগে কোন নির্বাচন হবে না।
বিএনপি নেতা রিজভীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আগে সংসদ থেকে উৎখাত হয়েছেন। এখন রাজপথ থেকে। তবে ভবিষ্যতে বিএনপি রাজনীতি থেকে উৎখাত হয়ে যাক তা আমরা চাই না।
তিনি আরো বলেন, এর আগে বিএনপি বিদেশীদের কাছে ধরণা দিয়েছিল কিন্তু কোন লাভ হয়নি। এখনো তারা একই কাজ করছে তবে এতেও লাভ হবে না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হাজী সেলিম।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]