“প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন, তা ধরে রাখতে আমাদের অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।” বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, “অন্যায়কারী জনপ্রতিনিধি বা কর্মচারী হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।”

আজ (২৯ সেপ্টেম্বর) রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, “চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে, তাদের সবার বিরুদ্ধে এই অভিযান। যারা অনৈতিক ব্যবসা করেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ মহাপরিচালক নিমাই কুমার দাস প্রমুখ।

এমবি