দুপুরে ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত ও অবমূল্যায়িত নেতাকর্মীদের বিক্ষোভের পর ছাত্রদলের বর্তমান কমিটির পদধারী নেতারা পাল্টা শোডাউন করেছে।
শুক্রবার বেলা ৩টার পর ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেলযোগে নিজেদের অনুসারী নেতাকর্মী নিয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় তারা প্রায় আধাঘন্টা দলীয় কার্যালয়ে অবস্থান শেষে আবার একযোগে বের হয়ে যান।
এর আগে দুপুরে পদবঞ্চিত কয়েকশ নেতাকর্মী নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এ সময় তারা কমিটিকে অবৈধ ও সরকারের এজেন্টদের দিয়ে অর্থের বিনিময়ে এ কমিটি করা হয়েছে বলেও বিক্ষোভ-স্লোগান দিতে থাকে।
এ সব বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশি প্রহরায় নয়াপল্টন এলাকায় অনেক সময় নিয়ে মিছিলও করে। যদিও অন্য সময় নয়াপল্টনে বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠন মিছিল শুরু করলেই পুলিশকে মারমুখি অবস্থান নিতে দেখা যায়। কিন্তু শুক্রবার সকালে ছাত্রদলের বিদ্রোহীদের মিছিল বা সমাবেশে পুলিশ কোনো বাধা সৃষ্টি করেনি।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সমাবেশ এবং মিছিল শেষে পদ বঞ্চিতরা আবার প্রতিবাদ জানানোর কথা ঘোষণা দিয়ে এলাকা ছেড়ে যান।
এদিকে দুপুরের পর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে পুলিশের অবস্থান গত কয়েকদিনের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নিরাপত্তার জন্য রাখা হয়েছে রায়টকার, এপিসি কার, জল কামান এবং প্রিজন্যভান।
বাড়তি উত্তেজনার ফলে যাতে বড় ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি গোয়ন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থার লোকজন নজরে রাখছে।
এমএইচ





