রোববার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা এসব বিষয়ে ইতিবাচক অবস্থান নিলেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে কোনো এজেন্ডাতেই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, কমিটির সভাপতি না হয়েও চিফ হুইপ বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করেন। সরকারদলীয় সদস্যরা বৈঠকে আন্তরিক না হয়ে কমিটিকে অলংকারিক হিসেবে নিয়েছেন।
তিনি আরও বলেন, সংসদীয় কমিটির প্রথম বৈঠকেও সরকারদলীয় কয়েকজন সদস্য প্রস্তুত না থাকার কথা জানিয়েছিলেন। দ্বিতীয় বৈঠকেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। অর্থমন্ত্রী ইতিবাচক অবস্থান নেওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
ব্যবসায়ীদের হয়রানি বন্ধে বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান হাসনাত। এর মধ্যে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব রয়েছে।
এ ছাড়া করের আওতা বাড়ানো, কমলাপুর ডিপোর সক্ষমতা বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়েও বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান এনসিপির এই নেতা।
এস