গণঅভ্যুত্থানের কথা বলে লাভ নেই, শেখ হাসিনার সরকার উন্নয়ন দিয়ে গণঅভ্যুথান এখন জাদুঘরে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ধাক্কা দিয়ে আওয়ামী লীগের মত বটবৃক্ষ ফেলা যাবে না। এই রঙিন স্বপ্ন ভুলে যান। 

মঙ্গলবার (২৮ন ভেম্বর) ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর ভবনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন সম্পর্কে কাদের বলেন, ‘জনগণ শেখ হাসিনার উন্নয়নে খুশি। গত আট বছরে আন্দোলন জমাতে পারেনি। আগামী আট বছরেও জমাতে পারবেন না।’

বিএনপিকে দুর্বল না ভাবতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘একজন সততায় তৃতীয়, আরেক জন দুর্নীতিতে তৃতীয়। কানাডার আদালত তো বলেছে বিএনপি সন্ত্রাসী দল। তাই বলে আমি এই দলকে তুচ্ছ করছি না। তাদের দুর্বল ভাবার কোন কারণ নেই। সাংগঠনিক ভাবে তারা দুর্বল এলােমেলো হলেও সমর্থনের দিক দিয়ে কিন্তু দুর্বল না। তাই বলে ১৯৯১ এর মত নির্বাচনের কেন্দ্র ছেড়ে দেয়া যাবে না। নির্বাচনে জেতার আগ পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রস্তুতি শুরু করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিন। নারীরা আমাদের ফোকাস। আগামী নির্বাচন বিজয়ের জন্য আমাদের প্রধান হাতিয়ার হবে তরুণ ভোটাররা।’

মেয়র সাঈদ খোকন ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে একসাথে মিলিয়ে দিয়ে কাদের বলেন, ‘তাদের মাঝে সামান্য ভুল বুঝাবুঝি ছিল। এখন তাদের মিলিয়ে দিলাম। দলের মধ্যে কোন সমস্যা থাকলে আমাকে বলবেন। দলের কেন্দ্রীয় নেতারা আছে তাদের বলবেন। যদি কাজ না হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে তাকে বলবেন। তাই বলে ঘরের কথা নিয়ে চায়ের দোকানে বসে আলোচনা করা যাবে না। চায়ের দোকানে যদি বসে নিজেরা নিজেদের সমালোচনা করেন তাহলে বাহিরের শত্রুর প্রয়োজন হবে না। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে কাজ করলে আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার বিজয় হবে।’

পরে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে আগামী ১৫ দিনের জন্য বিনামূল্য ঘরে বসে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রয়াত মেয়র মোহাম্মাদ হানিফের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন সুফি মোহাম্মদ সুলতান।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মোহাম্মদ চৌধুরী, আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।