আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বামী তার বউকে তালাক দিলে তালাকপ্রাপ্তা বউয়ের যে অবস্থা হয়, বিএনপি জামায়াতকে ছাড়লে বিএনপি'র অবস্থা হবে তালাকপ্রাপ্তা বউয়ের মত। তাই বিএনপি কখনো জামায়াতকে ছাড়তে পারবেনা।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ আয়োজিত খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, মোদির সাথে সাক্ষাতের কয়েক দিন পরে খালেদা জিয়া তার পুরোনো ভারত বিরোধী চেহারায় ফিরে গেছেন। মোদির সাথে সাক্ষাতের আগে ভারতের তোষামোদ আর কিছুদিন পর বিরোধীতা,বিএনপির এমন চরিত্রের কারণে বিএনপির বিশ্বাসযোগ্যতা শুধু ভারতের কাছে নয়, বিশ্বের কোন দেশের কাছেই নেই।
বাংলাদেশের উপর দিয়ে পণ্য পরিবহনে ভারত কোন শুল্ক দিবে না খালেদার এমন বক্তব্যে তিনি বলেন, আপনি মুর্খের মত কথা না বলে চুক্তিগুলো ভালো করে পড়ুন।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি গুলশানের বাড়ী একশ এক টাকায় সরকারের কাছ থেকে নিয়েছেন, কোন প্রক্রিয়ায় নিয়েছেন তার তদন্ত করতে হবে।
সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জামায়াতের ঔরসে বিএনপির জন্ম। তাই জামায়াতকে ত্যাগ করা বিএনপির পক্ষে সম্ভব নয়।
বিএনপি নেতা-কর্মীদেরকে খালেদা এবং জামায়াত ছেড়ে দল পূনর্গঠনের আহবান জানান কামরুল।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ওলামা লীগ সভাপতি ইলিয়াস হোসেন বিন হেলালি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ এ আলম মুরাদ প্রমুখ।
ইআর/এমকে





