জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন ক্ষমতায় যেতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ইসরাইলের কাছে ধর্ণা দিতে হয় না। আমরা সকল বাদশার বাদশা সর্বশক্তিমান আল্লাহ ও ক্ষমতার মালিক জনগণের উপর নির্ভর করি। নিজেদের আত্মাকে ভারতের কাছে বন্ধক রেখে কারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে দেশবাসী ও তাবত দুনিয়া তা জানে। দিল্লীর পেয়ারে ইসরাইলের সাথে কাদের সম্পর্ক কারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তা দেশবাসীর অজানা নয়।
জনাব প্রধান বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের শুরু থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও ইসরাইলী মোসাদের খেলা দেশবাসী দেখেছে। এদের দেশ ও ধর্মবিরোধী চক্রান্ত রুখতে বঙ্গবন্ধু মুজিব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াকে জীবন দিতে হয়েছে। জালিমশাহীর ক্ষমতার খুটি কারা, ছাত্র-শ্রমিক ও পল্লীর কৃষকও তা জানে। সুতরাং মোসাদ ও আসলাম চৌধুরীর কার্ড দেখিয়ে ফায়দা হবে না। বিজয় অর্জনের জন্য এদিক ওদিক ছুটাছুটি না করে তিনি দেশপ্রেমিক নেতৃবৃন্দকে আল্লাহ ও জনগণের উপর নির্ভর করার আহ্বান জানান। যে অপ্রস্তুত ও নিরস্ত্র জাতি রক্ত দিয়ে স্বাধীনতা আনতে পারে ইনশাআল্লাহ তারা জালিম শাহীকেও মোকাবেলা করতে সক্ষম।
আজ সকাল ১১টায় আসাদ গেইট দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন বাবলু, আবু মোজাফফর মোঃ আনাছ, আসাদুর রহমান খান, এড. মজিবুর রহমান, সৈয়দ শফিকুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, ইনসান আলম আক্কাছ, সানাউল্লাহ সানু, গোলাম মোস্তফা কামাল, মানিক সরকার প্রমুখ।
সভায় ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাগপা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এআই





