জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মু. সেলিম উদ্দিন বলেছেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা প্রলম্বিত করতেই জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন, আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন প্রতিহিংসা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে নেতৃত্বশূণ্য করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৮টায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। মিছিলে জামায়াতের কয়েক'শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসাবে এখন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সফল মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনছে সরকার।
কিন্তু আওয়ামী লীগের মনে রাখা উচিৎ, অতীতের যারাই ইসলামী আন্দোলন ও ইসলামপ্রিয় নেতৃবৃন্দের বিরুদ্ধে জুলুম-নির্যাতন চালিয়েছে তারাই চরম লাঞ্ছিত ও অপদস্থ হয়ে ইতিহাসের আস্তাকূড়ে নিক্ষিপ্ত হয়েছে।
জামায়াতের এই নেতা আরো বলেন, সরকারের নির্ধারিত ছকে ও প্রহসনের নাটক মঞ্চায়নের মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে এই ষড়যন্ত্র জনগণ কখনো মেনে নেয় নি ও নেবেও না। হত্যা করে, নির্যাতন করে ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করা যাবে না বরং আল্লাহর ওয়াদা অনুযায়ী অপশক্তির পতন সুনিশ্চিত।
সেলিম উদ্দিন বলেন, জনগণের আশা-আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।
মিছিল পরবর্তী পথসভায় আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা আ.জ.ম. কামাল উদ্দিন, সালাহউদ্দিন, রোকন উদ্দিন খান, মেজবাহ উদ্দিন নাঈম, কুতুব উদ্দিন, এডভোকেট ইবরাহীম খলীল এবং ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আনিসুর রহমান বিশ্বাস প্রমুখ।
এআর





