আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা থেকে জাতীয় পার্টির যুগ্ম-আন্তর্জাতিক সম্পাদক নুরুল ইসলাম দীপুর নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত মানববন্ধনে নেতারা বলেন, গাজীপুরের জননন্দিত নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে দীপু জড়িত নন। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ওই মামলায় নুরুল ইসলাম দীপুকে ফাঁসিয়েছে।’
ওই মামলা থেকে দীপুর নাম প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আহসান উল্লাহ মাস্টারের প্রকৃত খুনিদের খুঁজে বেরার করার আহ্বান জানান জাপার নেতা-কর্মীরা।
জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ ইফতেখার আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আলমগীর শিকদার লোটন, সাংগঠনিক সম্পাদক শাহ্-ই-আজম, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন, মহিলা পার্টির নাজমা আকতার, আবু সাইদ স্বপন, নোমান মিয়া, হেলাল উদ্দিন হেলাল, সুমন আশরাফ, মাহমুদ আলম, এম ডি মাসুম, জি এম বাবু মণ্ডল, বাসেত আলী, মশিউর রহমান, সুলতান জিসান, হেলাল আহমেদ, শাহদাত হোসেন, নূর মোহাম্মদ, অর্ণব চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।
ওএফ





