বিএনপি ইহুদিদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্যই ইসরায়েল, মোসাদকে সাথে নিয়ে ষড়সন্ত্র করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন,“এরা ইসলাম ইসলাম করে একেবারেই গদ গদ। কিন্তু ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে। ইসরায়েল, মোসাদকে সঙ্গে নিয়ে।”

“বঙ্গবন্ধু মোসলমানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইহুদিদের স্বীকৃতি দেননি। আর উনারা (বিএনপি) ইহুদিদের নিয়ে ষড়যন্ত্র করছে। ইহুদিদের নিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাচ্ছে বিএনপি, বিনিময়ে ইহুদিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিবে তারা।”

“আর ইহুদিরা বাংলাদেশকে কিনে নিবে। কিন্তু বঙ্গবন্ধুর একটা কর্মী বেঁচে থাকতে ইহুদিরা বাংলাদেশের মাটিতে স্থান পাবে না। কারণ ওরা ইসলামের শত্রু, আমার নবীর শত্রু। আর তোমরাও (বিএনপি) কখনো ক্ষমতায় যেতে পারবে না।”

তিনি আরো বলেন,“তারা বাড়াবাড়ির শেষ পযায়ে চলে গেছে। তাদের মাথা থেকে এখনো বোঝা নামেনি। বাংলাদেশে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কিন্তু সিমলা চুক্তি মেনে ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচার তারা এখনো করেনি। দরকার হলে জাতিসংঘের সহায়তা নিয়ে ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচারও করা হবে। পাকিস্তানকে বলবো, আপনারা এখনো অপরাধী আছেন।”

“পাকিস্তানি দূতাবাসকে বলি, পাকিস্তান সরকারকে বলি, তোমাদের সাথে আমাদের এমন কোন ব্যবসা বাণিজ্য নাই, এমন কোন মহব্বত নাই। তোমারা এখানে বসে ষড়যন্ত্র করবা, আমার স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, আমার জনগণের বিরুদ্ধে; এটা হতে দেওয়া হবে না। দরকার হলে এখানে বসার অধিকার তোমাদের দেওয়া হবে না। ওখানে গিয়ে বসে কর, পারলে কিছু করিও।”

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক ড. আফজাল, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

ইআর