সম্প্রতি রাজউকের উচ্ছেদে গুলশানের ১৫৯ নম্বরবাড়ি থেকে উচ্ছেদ হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘খাট এখনো তৈরি হয়নি, আমি এখন নতুন ফ্ল্যাটে ফ্লোরে ঘুমাই।
বৃহস্পতিবার (১৫ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
এ সময় উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
মওদুদ বলেন, ‘কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে।’
মওদুদ আহমেদ বলেন, ‘গুলশানের বাড়িটি সরকার বা রাজউকের নয়, এটার মূল মালিক করিম ফ্রানজ সুলায়মান।’
তিনি বলেন, ‘সরকার আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। আমার গুরুত্বপূর্ণ মালামাল ও আমার সন্তানদের স্মৃতি বিজড়িত জিনিসপত্র নষ্ট করেছে। মালামালের কোনও তালিকা করেনি। এগুলো নষ্ট করার অধিকার সরকারকে কে দিয়েছে?’
বিফ্রিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট সানাউল্লা মিয়া ও তৈমুর আলম খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ জুন মওদুদ আহমদের ভাইয়ের নামে গুলশানের ১৫৯ নম্বর বাড়িটি নামজারি করতে করা রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ৭ জুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাড়িটি দখলে নিয়ে সিলগালা করে প্রশাসন।
এমই





