ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি দিয়েছে সরকারদলীয় ছাত্র সংগঠনটি।

শুক্রবার সংগঠনের কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সাধারণ সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে ২০ ডিসেম্বর সব বিভাগীয় ও জেলা শহরে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিক্ষোভ মিছিল, ২১ ডিসেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও ২৩ ডিসেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

অপরেদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ৪ জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে কেক কাটা ও মিষ্টি বিতরণ, একই দিন সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে এবং সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ১০টায় বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশ এবং দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে। র‌্যালির উদ্বোধন করবেন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

এরপর ৫ জানুয়ারি সব জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন, ৬ জানুয়ারি রক্তদান কর্মসূচি ও ৭ জানুয়ারি শিক্ষা-উপকরণ বিতরণের কর্মসূচি পালন করবে সংগঠনটি।

ছাত্রলীগের সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জয়দেব নন্দী, ইমাউল হক সরকার টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, দফতর সম্পাদক শেখ রাসেল প্রমুখ।

কেএইচ