বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এবারের জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপি নতুন শপথ নিয়ে ঘুরে দাঁড়াবে। নির্যাতিত মানুষের হারানো অধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। জাতি ফিরে পাবে আইনের শাষন।
আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আমরা আশা করছি, সরকার কাউন্সিলে বাধা দেবে না। কাউন্সিল সফল হবে। বিএনপি’র কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে সারাদেশের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কাউন্সিলকে সফল করতে গঠিত সব উপ-কমিটি তাদের কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছে। আমাদের দাবি অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি পেয়েছি। এ জন্য যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
রিজভী আরও বলেন, ইতোধ্যে দেশের বিএনপির ৭৬টি সাংগঠনিক জেলার সভাপতি-সম্পাদক, প্রত্যেক থানা, পৌরসভা, জেলা ও মহানগরের সভাপতি-সম্পাদক এবং সাংগঠনিক জেলা থেকে ২ জনকে করে নারী কাউন্সিলরকে কার্ড দেওয়া হয়েছে। সারাদেশ থেকে কাউন্সিল ও ডেলিগেটরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।
আগামীকাল শনিবার বিএনপি’র ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল-২০১৬ অনুষ্ঠিত হবে।

এসটি