বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ এখন ধ্বংস আর হামলার রাজনীতি করছে। দলটি হিংসা ও হানাহানির রাজনীতিতে অত্যন্ত পটু।’

শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে ২০ দলীয় জোট আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, ‘মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র আজ ভূলণ্ঠিত। এই সরকার স্বৈরতন্ত্রকে পুঁজি করে দেশ চালাচ্ছে।’

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকে আগামী দিনে যে নির্দেশনা আসছে তা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে গড়ে তুলতে হবে।’

সদর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা তৈমুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দীন, জেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, সেক্রেটারি বেলাল উদ্দীন প্রধান, জেলা নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ