মানবতার মুক্তির জন্য রাসূলের আদর্শে বিপ্লব সৃষ্টি করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকায় আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সব ষড়যন্ত্র ও জুলুমের অবসান ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে তরুণ যুবকদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। গত ১৫ বছর ধরে জাতীয় ও স্থানীয় নির্বাচনে নিজের ভোট বা সমর্থন দেওয়ার সুযোগ পায়নি তরুণরা। গণতন্ত্রের বয়ান দিয়ে সরকার জনগণের মতপ্রকাশের পথ বন্ধ করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতা বুলবুল বলেন, দেশ ও জাতি গঠনে যুবক ও তরুণেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কার্যকর কোন উদ্যোগ নেই। বরঞ্চ যুবকদের মেধা ও চরিত্র ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়ে আছে। নিজেদের চরিত্রকে হেফাজত করতে যুবকদেরকে রাসূল (সা)-এর জীবনী সম্পর্কে জানতে হবে বলেও জানান তিনি।
তরুণ যুবকদেরকে মাঠে এসে খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ দেহ ও মনের অধিকারী হতে হবে। খেলাধূলা ও শরীর চর্চার মাধ্যমে সুস্থ থেকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ইসলামের হুকুম আহকাম পালনে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
থানা আমীর শহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নুর নবী মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য হাসান আল বান্না সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বিজ্ঞপ্তি





