মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকারকে ‘আনকন্ডিশনাল’(শর্তহীন) সমর্থন দিয়েছেন। সেটা শেখ হাসিনার চেহারা দেখে নয়, তার ভালো কর্মকাণ্ডের কারণেই দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘বিশ্ব বাঙালি সম্মেলন ও দক্ষিণ এশিয়াসংস্কৃতি পরিষদ’আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেয়নি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। সেই কারণেই বিদেশি রাষ্ট্র প্রধানরা শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছেন। ভারত আমাদের পাওনা দিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশে অন্য সরকার আসলে তারা ভারতের তাঁবেদারী করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের দ্বায়িত্ব দেয়ার সময় ৩ টি কথা বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গঠন করতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত ও সম্মানিত করতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর, তাদের সম্মানিত নাগরিকের অধিকার দেয়া হবে। আবাসন, ব্যবসা ও চাকরিসহ সকল সুযোগ সুবিধা দেয়া হবে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, এমআর, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ