বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বর্তমান আওয়ামী লীগঘোষণাবিহীন ‘ফ্যাসিস্ট’ সরকার। তিনি বলেন, ইতিহাসে যত ফ্যাসিস্ট সরকারের ইতিহাস পড়েছি আওয়ামী লীগ সরকারের মতো এত টেকনিক্যাল ফ্যাসিস্ট সরকার আর দেখিনি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মাওলানা ভাসানী মিলনায়তনে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আব্বাস বলেন, পৃথিবীর ইতিহাসে যত ফ্যাসিস্ট সরকার ছিল তারা সবাই ঘোষণা দিলেও আওয়ামী লীগ সরকার কোন ঘোষণা না দিয়ে অত্যাচার করে। নেতা-নেত্রীরা কে কখন গুম, কখন খুন হবে তা কেউ বলতে পারে না।
আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন,বাংলাদেশের মানুষ আন্দোলনের জন্য উন্মুখ হয়ে আছে। অথচ আওয়ামী লীগ নেতারা বলছে বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত না।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? এত তাড়াতাড়ি বিদায় নিতে চান কেন?আপনারা যদি আগে ভাগে বিদায় নিতে চান তাহলে আমরা আগে ভাগে আন্দোলন করে আপনাদের ক্ষমতা থেকে তাড়াবো।
নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ নেতারা বলে বেড়াচ্ছেন তাদের অধীনে নির্বাচন করতে হবে। কিন্তু তারা তো নির্বাচনের নামে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
তত্ত্বাবধায়ক দিয়ে তার অধীনে নির্বাচন করতে হবে দাবি করে মির্জা আব্বাস বলেন, জনগণকে মূল্যায়ন না করার জবাব একদিন তারা দেবে।
আ.লীগ নেতাদের সমালোচনা করে আব্বাস বলেন, ঢাকা মহানগর কমিটি ঘোষণার পর থেকে নেতারা উস্কানিমূলক আর মিথ্যা বক্তব্য রেখে যাচ্ছেন। আমি ও আমার দলের নেতাদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন। এ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন। অথচ জিয়াউর রহমান ক্ষমতায় থাকার কারণে আপনি দেশে আসতে পেরেছেন। তারেক জিয়ার পর এখন খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি মিথ্যা অভিযোগ করে চলেছেন।
সম্প্রচার নীতিমালার সমালোচনা করে সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আমাদের পক্ষে কোন পত্রিকা যেন লিখতে না পারে তার জন্য সম্প্রচার নীতিমালা করেছেন। আমাদের বিরুদ্ধে লিখতে বর্তমানে কয়েকটি পত্রিকাকে আপনারা উৎসাহ দিচ্ছেন।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরে আলম সাফার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক মিলি জাকারিয়া, বিথী আহমেদ, বিলকিছ ইসলাম, ঢাকা মহানগর কমিটির সভানেত্রী সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
ঢাকা,২৫ আগস্ট,টাইমনিউজবিডি.কম,এসআর





