ষষ্ঠ ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন সামনে রেখে আগামী ১৬ মার্চ থেকে কাউন্সিলরদের কার্ড দেওয়া শুরু করবে বিএনপি।

রোববার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

এ বিষয়ে ইতোমধ্যে কাউন্সিলরদের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ৭৫টি সাংগঠনিক জেলা-মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ‘কাউন্সিলর’ করা হয়েছে।

নয়া পল্টনের কার্যালয় থেকে তাদের কার্ড দেওয়া হবে বলে রিজভী জানান।

কাউন্সিল ঘিরে প্রচার কার্যক্রম সম্পর্কে রিজভী জানান, এজন্য ঢাকার দুই মেয়রকে তারা চিঠি পাঠিয়েছেন, যাতে সড়ক বিভাজক, সড়ক দ্বীপ ও লাইট পোস্ট প্রচারের জন্য ব্যবহারের অনুমতি চাওয়া হয়।

“ঢাকা উত্তরের মেয়র জনাব আনিসুল হক সাহেব ইতিবাচক চিঠি দিয়েছেন। এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, ঢাকা দক্ষিণের মেয়রও আমাদের ইতিবাচক চিঠি দিয়ে সহযোগিতা করবে।”

আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল হবে। ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল।

এআইজে